প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, অভিনেত্রী নিজে তার অবস্থান স্পষ্ট করেছেন। পপির পাশে দাঁড়িয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী, চিত্রনায়ক ওমর সানী। তিনি মন্তব্য করেছেন, "ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস।"
ফেসবুকে একটি পোস্টে ওমর সানী ধর্ম ও কর্মকে পৃথক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। পপির বক্তব্য নিয়ে তিনি বলেন, "পপির কথাটা যেভাবে আসছে, এভাবে ঠিক না, যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস। কর্মটা হালাল, ধর্ম তো কোনো কথাই নেই।"
ওমর সানী তার পোস্টে পপির বক্তব্যের ধরন নিয়ে আপত্তি জানালেও চলচ্চিত্রে কাজ করাকে অনৈতিক হিসেবে দেখার বিরোধিতা করেছেন। তার বক্তব্যের মূল সুর ছিল যে চলচ্চিত্রে কাজ করে সৎভাবে উপার্জন করায় কিছু দোষ নেই। বরং সৎ ও পরিশ্রমের জীবিকার মূল্যায়ন হওয়া উচিত।
পোস্টে পপি ও নিজের মক্কা-মদিনা সফরের প্রসঙ্গও উল্লেখ করেন ওমর সানী। তিনি লেখেন, "আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।"
পপিকে উদ্দেশ্য করে পোস্টের শেষাংশে অভিনেতা আরও লেখেন, "ও এখনো আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।"
এর আগে, এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। ওই ভিডিওতে তাকে কাঁদতে দেখা যায়। সেখানে তিনি জানান, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। ভালো থাকতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপে সময় কাটানোর ইচ্ছার কথাও জানান।
পপির সেই বক্তব্য সামনে আসার পর থেকেই তার অভিনয়জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত ও অতীত পথচলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করছেন। এর মধ্যেই ওমর সানীর এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
চলচ্চিত্রে পপির অভিষেক ঘটে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে। ছবিটিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। পরবর্তী সময়ে ‘জগত সংসার’সহ একাধিক সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন