প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে ঘটে যাওয়া একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় ও তাদের পারিবারিক ঠিকানা সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার কিছু বাসিন্দা দাবি করেছেন, নিহত ব্যক্তিরা মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত। তবে সংশ্লিষ্ট প্রশাসন এখনও তাদের জাতীয়তা, পারিবারিক পরিচয় এবং বাংলাদেশে স্থায়ী ঠিকানা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অনেকের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে হয়েছে। তাদের মধ্যে একজন, জিয়াউর রহমান, নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্তান এবং পরে সৌদি আরবে চলে যান। তিনি দীর্ঘ সময় ধরে পরিবার নিয়ে সৌদি আরবে বসবাস করছিলেন।
নিহতদের পরিচয় প্রকাশে বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনেরা অনীহা দেখাচ্ছেন বলে স্থানীয় কয়েকজনের দাবি। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও, এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে খবর ছড়িয়ে পড়লেও, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রকৃত ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সৌদি আরবে নিহতদের বাড়ি চকরিয়ায় বলে খবর পাওয়ার পর স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কেউ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দূতাবাস থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, সৌদি আরবে আট বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা চকরিয়ার বাসিন্দা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও কোনো তথ্য জানানো হয়নি।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, নিহত ব্যক্তিরা চকরিয়ার বাসিন্দা কি না, তা নিশ্চিত হতে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের আল-হিমনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তিনটি পরিবারের ১৩ সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে প্রথমে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন।
পরে মদিনার আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। শনিবার দুপুরে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি জানান।
নিহতদের তালিকায় রয়েছেন আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ। একই প্রতিষ্ঠানের ফর্কলিফটচালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নীও নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে সানজিদা আক্তার ও তার দুই মাস বয়সী কন্যাশিশুও রয়েছেন।
তবে নিহতদের জাতীয়তা ও বাংলাদেশে স্থায়ী ঠিকানা নিশ্চিত না হওয়ায় তাদের পরিচয় নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন