প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ এখন থেকে আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের আটক করে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষমতা পাবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমান আইনে অন্তত পাঁচ কর্মদিবসের ‘গ্রেস পিরিয়ড’ বাতিল করে কঠোর সংশোধনী আনার প্রস্তাব করেছেন।
অভিবাসন ও আশ্রয় বিলে এই সংশোধনীটি যুক্তরাজ্যের পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে। বর্তমানে, কারও আশ্রয় আবেদন ও আপিলের সব প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিবাসন কর্মকর্তাদের অন্তত পাঁচ কর্মদিবসের নোটিশ দিতে হতো। এই সময়ের মধ্যে আবেদনকারীরা আইনগত পদক্ষেপ নেওয়ার বা দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন।
নতুন প্রস্তাব পাস হলে, আপিল প্রক্রিয়ায় হেরে যাওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে অভিবাসন কর্মকর্তারা কোনো বাড়তি সতর্কতা বা নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক ও সরাসরি ফেরত পাঠাতে পারবেন। এই পদক্ষেপটি ডেনমার্কের কঠোর অভিবাসন ব্যবস্থার আদলে নেওয়া হচ্ছে।
শাবানা মাহমুদ বলেন, “যারা আপিলের সব অধিকার শেষ করেছেন, তারা যেন আইনি ফাঁকফোকর ব্যবহার করে বৈধভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারেন, সেজন্যই দ্রুত ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।” নতুন আইনে শেষ মুহূর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘আধুনিক দাসত্ব’ (মডার্ন স্লেভারি) সংক্রান্ত দাবি তুলে ডিপোর্টেশন বিলম্বিত করার পথও বন্ধ করা হচ্ছে।
তবে, যুক্তরাজ্যের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক সংস্থাগুলো সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন মন্তব্য করেন, “মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত। কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে মানুষকে সরিয়ে নেওয়ার এই উদ্যোগ অপ্রয়োজনীয় আতঙ্ক ও মানসিক যন্ত্রণার সৃষ্টি করবে। পরিসংখ্যান বলছে, জোরপূর্বক ফেরত পাঠানোর চেয়ে স্বেচ্ছায় ফিরে যাওয়ার সুযোগ দিলে তা অনেক বেশি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী হয়।”
অ্যাসাইলাম ম্যাটার্সের নির্বাহী পরিচালক লুইস ক্যালভিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, জোরপূর্বক বিতাড়ন ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়ে অভিবাসন সমস্যার প্রকৃত সমাধান আনবে না। সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন