প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভ্যাটিকান জানিয়েছে যে, সুইজারল্যান্ডভিত্তিক রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠী সোসাইটি অব সেন্ট পিয়াস এক্স (এসএসপিএক্স)-এর ছয়জন ধর্মযাজককে ধর্মচ্যুত করা হয়েছে পোপ চতুর্দশ লিওর অনুমতি ছাড়া বিশপ অভিষিক্ত করার কারণে।
বিশপ হলেন খ্রিস্টধর্মের একজন উচ্চপদস্থ যাজক বা ধর্মীয় নেতা। তিনি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার (ডায়োসিস) গির্জা ও যাজকদের তত্ত্বাবধান করেন।
বৃহস্পতিবার, ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তর ‘ডিকাস্টারি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’ এক ডিক্রিতে উল্লেখ করেছে যে, গোষ্ঠীটি বর্তমানে চার্চের অনুমোদন ছাড়া ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে।
ডিক্রিতে বলা হয়েছে, এসএসপিএক্স ক্যাথলিক চার্চের কিছু মৌলিক শিক্ষা প্রত্যাখ্যান করেছে। আর এর ফলে, তারা বৈধভাবে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করার কিংবা স্বীকারোক্তি গ্রহণ করার মত ধর্মীয় দায়িত্ব পালন করতে সক্ষম হবে না।
পোপ লিওর অনুরোধকে উপেক্ষা করে, গোষ্ঠীটি বুধবার চারজন নতুন বিশপকে অভিষিক্ত করে। এর এক দিন পরই ভ্যাটিকান এই সিদ্ধান্তটি ঘোষণা করে। ক্যাথলিক চার্চের নিয়ম অনুসারে, নতুন বিশপ নিয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা শুধুমাত্র পোপের। চার্চের ঐতিহ্য ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই নিয়ম পালন করা হয়।
ভ্যাটিকান জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত অননুমোদিত অনুষ্ঠানে নেতৃত্বদানকারী দুই বিশপ এবং নতুন অভিষিক্ত চার ধর্মযাজকসহ মোট ছয়জনকে ধর্মচ্যুত করা হয়েছে।
তবে, সোসাইটি অব সেন্ট পিয়াস এক্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি। বুধবার গোষ্ঠীটি দাবি করেছিল যে, বিশেষ পরিস্থিতির কারণে তারা পোপের অনুমোদন ছাড়াই বিশপ অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন