প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কুরবানির শিক্ষা ধারণ করে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনের জন্য বাস্তবতার নিরিখে পরিকল্পিত কর্মপন্থা ঠিক করে এগিয়ে যেতে হবে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক, জ্ঞানগত ও সাংগঠনিক যোগ্যতার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ এবং মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘকাল ধরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই ত্যাগ ও কুরবানি সংগঠনের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দীনি জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে আরও মনোযোগী হতে হবে। একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে নিজেদের যুগোপযোগী করে তোলার বিকল্প নেই।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ জামায়াত নেতা ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। এ সময় মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, মজলিসে শূরার সদস্য ও বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অর্পিত দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সিলেট মহানগর জামায়াতকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে চান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন