প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ মো.সাইফুল ইসলাম ॥
যশোর, ২০ নভেম্বর, ২০২৬ : নতুন অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়েছে জেলায় খেজুরের রস ও গুড় উৎপাদনের মাধ্যমে। বর্তমানে যশোরে ২২ লক্ষ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ বিদ্যমান। এর মধ্যে ১২ লক্ষেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে উঠলে রস ও গুড় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ইতোমধ্যে খেজুরের গুড়ের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়ায় দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ পণ্যের পরিচিতি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।
যশোরের গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তা আসার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। কার্তিক মাসের মাঝামাঝি থেকে গাছিরা খেজুর গাছের ডালপালা ছাঁটাই, গাছের ওপরের অংশ রস সংগ্রহের উপযোগী করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজ শুরু করেছেন। শীতের তীব্রতা বাড়লে রস সংগ্রহের কার্যক্রম পুরোদমে শুরু হবে। ঐতিহ্যবাহী গুড় ও পাটালি তৈরি হবে সেই রস থেকে।
প্রাচীনকাল থেকেই যশোর অঞ্চল খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। খেজুর গাছের আধিক্য কবে থেকে শুরু হয়েছে, তার সুনির্দিষ্ট ইতিহাস জানা যায়নি। তবে ১৭৯২ সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যশোর অঞ্চল থেকে খেজুরের গুড় ও চিনি সংগ্রহ করে কলকাতা বন্দরের মাধ্যমে ইউরোপে রপ্তানি শুরু করে। এর প্রায় ৩৮ বছর পর যশোরের চৌগাছা, তাহেরপুর, ঝিনাইদহের কোটচাঁদপুরসহ কয়েকটি স্থানে ইউরোপীয় প্রযুক্তিতে খেজুরের রস থেকে গুড় ও চিনি তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়। ১৯০৮ সাল পর্যন্ত এ অঞ্চলে বিপুল পরিমাণ খেজুরের গুড় ও চিনি উৎপাদনের ইতিহাস রয়েছে।
সরকারি ও বেসরকারি উদ্যোগে নতুন খেজুর গাছ রোপণ, বিদ্যমান গাছের পরিচর্যা এবং গাছিদের প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের খেজুরের গুড় জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে। এ স্বীকৃতি পণ্যটির স্বতন্ত্র পরিচিতি ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর জেলায় বর্তমানে ২২ লক্ষ ৫৯ হাজার ৭১১টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে পূর্ণবয়স্ক গাছ ৩ লক্ষ ৪২ হাজার ৬২৬টি। পূর্ণবয়স্ক এসব গাছের মধ্যে ৩ লক্ষ ২৯ হাজারটি থেকে রস সংগ্রহ করা হয়। এ ছাড়া ৫ থেকে ১০ বছর বয়সী গাছ রয়েছে ১২ লক্ষ ১৩ হাজার ৭১৩টি এবং ৫ বছরের কম বয়সী গাছ ৭ লক্ষ ৪৫ হাজার ৭১৪টি।
যশোর সদর উপজেলায় প্রায় ৬০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করে ৫২১ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ৮৪ লক্ষ টাকা। শার্শা উপজেলায় ৩৫ হাজার ৭১১টি গাছ থেকে ৩৫৮ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৯৬ লাখ টাকা। ঝিকরগাছা উপজেলায় ২১ হাজার ৬৪৭টি গাছ থেকে ২২৭ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা।
চৌগাছা উপজেলায় ২৭ হাজার ২৬০টি গাছ থেকে ২৬০ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার মূল্য প্রায় ১০ কোটি ৪ লক্ষ টাকা। অভয়নগরে ২৮ হাজার ৮৩৮টি গাছ থেকে ৩১৭ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬৬ লক্ষ টাকা। বাঘারপাড়া উপজেলায় ৫৫ হাজার ৫২০টি গাছ থেকে ৬১১ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ২১ লক্ষ টাকা।
এ ছাড়া মণিরামপুর উপজেলায় ৬৪ হাজার ৫২৫টি গাছ থেকে ৫৮২ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২১ কোটি ৫৩ লক্ষ টাকা। কেশবপুর উপজেলায় ২৩ হাজার ৪শ’টি গাছ থেকে ২৩৪ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা।
খেজুরের রস ও গুড় উৎপাদন যশোরের গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পেশার সঙ্গে যুক্ত ৬ হাজারেরও বেশি গাছির মধ্যে অনেকের পরিবারের জীবিকার অন্যতম উৎস এ মৌসুমি উৎপাদন কার্যক্রম।
যশোর সদর উপজেলার আরবপুর এলাকার আতিয়ার রহমান প্রায় ৬শ’টি খেজুর গাছ লিজ নিয়ে রস সংগ্রহ করেন। এরপর তিনি তা দিয়ে গুড়-পাটালি তৈরি করে বাজারে বিক্রি করেন। তিনি বলেন, "বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই এখনো এ কাজ করছেন।" তবে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গুড়-পাটালির ভালো দাম নিশ্চিত করা গেলে গাছিরা এ কাজে আরও আগ্রহী হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খেজুর গাছের উৎপাদন ক্ষমতা বাড়ানো ও গাছিদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। যশোরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সুলতানা আফরোজ জানান, জেলায় খেজুর গাছের সংখ্যা বাড়াতে বসতবাড়ি, পতিত জমি ও রাস্তার পাশে খেজুর গাছ রোপণের জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যমান গাছের পরিচর্যা ও উন্নত পদ্ধতিতে রস সংগ্রহের বিষয়ে গাছিদের নিয়মিত প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে যশোরের খেজুরের গুড়ের পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, "যশোর অঞ্চলের খেজুরের গুড় উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজ খবর রাখছেন।" এ পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকার কার্যকর ভূমিকা নেবে।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া গাছিদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খেজুর গাছের চারা, প্রশিক্ষণ, গাছ কাটার দা ও রস সংগ্রহের পাত্র বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন গাছের উৎপাদনক্ষম হয়ে ওঠা, গাছিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে রস সংগ্রহ এবং গুড়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে যশোরের খেজুরের রস ও গুড়ের অর্থনীতি আরও বিস্তৃত হবে। জিআই স্বীকৃতির সুবাদে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে পারলে ঐতিহ্যবাহী এ পণ্য দেশের কৃষিভিত্তিক রপ্তানি বাণিজ্যেও নতুন অবদান রাখতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন