প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে জেলা শহরে প্রবেশের প্রধান সড়ক এখনও পানির নিচে রয়েছে। এই অবস্থায় বোঝা যাচ্ছে না, এটি আসলে সড়ক নাকি খাল। এমন পরিস্থিতিতেও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে চলা এই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।
মুক্তারপুর থেকে মানিকপুর সড়কের এই বেহাল অবস্থা দীর্ঘকাল ধরে বিদ্যমান। এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন টঙ্গীবাড়ী, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও সদর উপজেলার বাসিন্দারা। কখনো জুতা হাতে, আবার কখনো ভ্যান কিংবা রিকশায় এই পথ পার হতে হয়। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে পিচ উঠে গেছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেসব গর্তে পানি জমে থাকার কারণে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল বিকল হয়ে যাচ্ছে। পথচারীদের কাদাপানিতে ভিজে, কাপড় নষ্ট করে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশের ফসলি জমি, নালা, ডোবা, খাল ও পুকুর অপরিকল্পিতভাবে ভরাট করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা নোংরা পানিতে মশার উপদ্রবও বেড়ে গেছে।
এলাকাবাসী জানাচ্ছেন, জলাবদ্ধতার কারণে শুধু পথচারীরাই নয়, আশপাশের অর্ধশতাধিক কলকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। কারখানায় কাঁচামাল আনা-নেয়া ও শ্রমিকদের যাতায়াতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সড়ক দিয়ে আসতে চান না ক্রেতারা, ফলে ব্যবসা-বাণিজ্যেও ভাটা পড়েছে।
ভ্যানচালক রাজা মিয়া বলেন, "এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই গাড়ি নষ্ট হয়। যাত্রীরাও ভিজা কাপড়ে যায়। আমরা কষ্টে আছি।"
পথচারী মনির হোসেন বলেন, "বৃষ্টি হলে রাস্তা ডুবিয়ে যায়। বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কবে যে এই রাস্তা ঠিক হবে, জানি না।"
স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চান। তাদের দাবি, সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণের পাশাপাশি ভরাট হয়ে যাওয়া খাল-নালা পুনরুদ্ধার করতে হবে। তা না হলে প্রতিবছরই একই দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানায়, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা বলেন, ‘পানি সরানোর জায়গা খোঁজা হচ্ছে। এমনভাবে ভরাট হয়েছে যে, ড্রেন করে পানি নামানোর জায়গা পাওয়া যাচ্ছে না।’
জানা গেছে, প্রায় এক দশক আগে এলজিইডি আরসিসি ঢালাই করে দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি নতুন করে নির্মাণ করেছিল। তবে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকা এবং দুই পাশে অপরিকল্পিত ভরাটের কারণে সড়কটি আবারও বেহাল হয়ে পড়েছে।
জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন