প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : রোববার কলম্বিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার নিকটবর্তী একটি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ তথ্য স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এ শহরটি তার ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত। শহরের কেন্দ্রীয় চত্বর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। প্রতিবছর শহরটিতে ১০ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, কলম্বিয়ার ভিলা দে লেইভা থেকে এই খবরটি এসেছে।
স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি।
শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। এ সময় একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়।
গভর্নরের কার্যালয়ের দু’টি হেলিকপ্টার এবং সামরিক বাহিনীর দ’ুটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। বোগোতার দমকলকর্মীরাও এতে অংশ নেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক্সে লিখেছেন, ‘এই আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগাব।’
দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আগুনের ৫০ শতাংশ ‘নিয়ন্ত্রণে’ এসেছে।
নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা একটি সাধারণ ঘটনা। তবে বর্তমানে বিরাজমান এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন