প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং কৃষিসেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। ওই দিন কুষ্টিয়া সদর উপজেলায় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় খুলনা ও ঢাকা বিভাগের প্রায় দুই লাখ ৯০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি উপকরণ কেনার জন্য সহায়তা প্রদান করা হবে।
এরপর, আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই দুই পর্যায়ে মোট প্রায় ১০২ কোটি টাকার কৃষি সহায়তা কৃষকরা পাবেন।
রংপুর বিভাগের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষক এই কর্মসূচির আওতায় আসবেন। তাদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এক লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এ বিষয়ে মন্তব্য করেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পর্যায়ে খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের প্রায় চার লাখ ৪৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ ছয় হাজার কৃষক বছরে জনপ্রতি ২,৫০০ টাকা হারে কৃষি উপকরণ কেনার সহায়তা পাবেন।
এজন্য দুই পর্যায়ে মোট প্রায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারি আইবাস ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে।
আগামী ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে কৃষি মন্ত্রণালয়ের। সরকার আগামী চার বছরে দেশের প্রায় দুই কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এই কর্মসূচি দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬ মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০ কৃষি ব্লকে বাস্তবায়িত হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র প্রায় ৩৯ লাখ কৃষককে ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে প্রদেয় উপকরণগুলোর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র সরবরাহ, ফসলের বালাই ব্যবস্থাপনা বিষয়ে মোবাইল সেবা, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারদরের তথ্য, কৃষিবীমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ।
কৃষি সচিব সেলিম খান আমার দেশকে জানান, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আসবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন