প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সাময়িকভাবে মহাসড়কে চালকবিহীন গাড়ির চলাচল নিষিদ্ধ করার পর ওয়েমো যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহাসড়ক থেকে তাদের স্বয়ংক্রিয় গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, আপাতত মহাসড়কে তাদের চালকবিহীন গাড়ির কার্যক্রম বন্ধ রাখা হবে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী কোম্পানি ওয়েমোর একজন মুখপাত্র এই তথ্য প্রকাশ করেছেন।
ক্যালিফোর্নিয়ার পাশাপাশি ফিনিক্স, অস্টিন ও মায়ামিসহ যুক্তরাষ্ট্রের যেসব শহরে ওয়েমোর গাড়ি চলাচল করে, সেসব এলাকার মহাসড়কেও সাময়িকভাবে এ সেবা বন্ধ থাকবে।
ওয়েমোর মুখপাত্র জানান, ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পর নিজেদের গাড়ির কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করার জন্য মহাসড়কে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সম্প্রতি সান ফ্রান্সিসকোর একটি মহাসড়কে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি দ্রুতগতিতে এসে পুলিশের দুটি গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করছে। অথচ পুলিশ গাড়ি দুটির জরুরি সংকেতবাতি তখন জ্বলছিল।
পুলিশ কর্মকর্তারা তখন একটি ধীরগতির নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের পেছনে গাড়ি চালাচ্ছিলেন।
এ ঘটনার পর গত ১১ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওয়েমোর গাড়ির মহাসড়কে চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করে।
তবে শুধু এই ঘটনার জন্য নয়, আরও একটি ঘটনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা মোটরযান বিভাগ।
সংস্থাটির এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সান ফ্রান্সিসকো বে এলাকার একটি সড়কে নির্মাণকাজ চলাকালীন যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ওয়েমোর তিনটি চালকবিহীন গাড়ি সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে।
মোটরযান বিভাগের বিবৃতিতে বলা হয়, নির্মাণকাজ চলাকালে শ্রমিক, নির্মাণসামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি সেখানে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওয়েমোর গাড়িগুলো বারবার নির্মাণকাজের জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ওয়েমো তাদের গাড়ির নিরাপত্তা ত্রুটি সংশোধনে কার্যকর পদক্ষেপ নিয়েছে—এ বিষয়ে সন্তোষজনক প্রমাণ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বর্তমানে ওয়েমোর চালকবিহীন গাড়ি দিয়ে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ যাত্রা সম্পন্ন হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, মানুষের চালানো গাড়ির তুলনায় তাদের স্বয়ংক্রিয় গাড়ির গুরুতর দুর্ঘটনার হার ৯৫ শতাংশ কম।
এদিকে, ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছে ওয়েমো।
২০২৭ সালে জার্মানির মিউনিখ ও স্পেনের মাদ্রিদে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন