প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৃঢ় মনোবল ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনন্য উদাহরণ তৈরি করেছেন রংপুরের কাউনিয়ার তরুণী কলি রানী (১৮)। জন্মগতভাবে দুই হাতের আঙুল না থাকলেও, তিনি ডান পায়ের আঙুলের ফাঁকে কলম গুঁজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ অর্জন করে কৃতকার্য হয়েছেন।
সরেজমিনে উপজেলার গদাই গ্রামে গিয়ে দেখা যায়, জন্ম থেকেই দুই হাতের আঙুল না থাকার কারণে কলির স্বাভাবিকভাবে কলম ধরার ক্ষমতা ছিল না। তবে এই শারীরিক সীমাবদ্ধতা তার পড়াশোনার আগ্রহকে দমাতে পারেনি। ডান পা দিয়েই লেখালেখি আয়ত্ত করে গদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সর্বশেষ কাউনিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
কলি রানীর মা রূপালী রানী জানান, জন্মের পর থেকেই নানা প্রতিকূলতা ও সংগ্রাম করে মেয়েকে বড় করতে হয়েছে। যখন কলি তৃতীয় শ্রেণিতে পড়ছিল, তখন তার বাবা মনোরঞ্জন রায় মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি বাবার স্নেহ থেকে বঞ্চিত হলেও, মায়ের অনুপ্রেরণা এবং নিজের প্রবল ইচ্ছাশক্তির কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির শুরুতে সহপাঠীদের উপহাসের মুখে পড়তে হলেও, শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় সে তা কাটিয়ে ওঠে এবং সহপাঠীদের প্রিয়পাত্র হয়ে ওঠে।
কলি শুধু পড়াশোনাতেই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ডান পা দিয়েই অনায়াসে মোবাইল ফোন ও কম্পিউটার পরিচালনা করতে পারেন। সংগীত জগতেও তার বিশেষ দক্ষতা রয়েছে; বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি পুরস্কার ও প্রশংসা অর্জন করেছেন।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মানুষের সেবা করার স্বপ্ন দেখছেন কলি রানী। তবে এই পথচলায় অর্থাভাব ও নানা সামাজিক প্রতিকূলতা রয়েছে। তার উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কলি ও তার পরিবার।
স্থানীয় প্রেস ক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সারোয়ার আলম মুকুল বলেন, "পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন করা কলি রানীর এক অসাধারণ সাফল্য। তার এই লড়াই কেবল কাউনিয়া কিংবা রংপুরের নয়, দেশের সব স্বপ্নবাজ তরুণ-তরুণীর জন্য এক অনন্য অনুপ্রেরণা।"
কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, "কলি রানী পা দিয়ে লিখে যেভাবে সফলতার স্বাক্ষর রেখেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন