প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহের কাজে সাদা পোশাকে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কনস্টেবল আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে কনস্টেবল আনোয়ার হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হাশেমবাগ এলাকায় যান। সেখানে পৌঁছানোর সাথে সাথেই দুর্বৃত্তদের একটি দল তাঁদের ওপর আকস্মিক হামলা চালায়।
হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কনস্টেবল আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এসময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার কোনোমতে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ‘সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারাল অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’
তিনি আরও জানান, ‘হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এই নৃশংস হামলার পেছনে কোনো চিহ্নিত মাদক কারবারি চক্র জড়িত রয়েছে কিনা, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের ঘটনার তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছিল পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন