প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজ ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করার চেষ্টা করায় অচল করে দেওয়া হয়েছে।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটির ওপর হামলা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান দ্বারা। অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা এএফপি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম তদারককারী সংস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে, জাহাজে থাকা বেসামরিক নাবিকদের কেউ আহত হননি। এই ঘটনা ওমান উপসাগরে ঘটেছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের আব্বাস বন্দর থেকে যাত্রা করেছিল।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরে অবরোধ কার্যকর করতে তারা কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ছয়টি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও ১৫৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে।
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে স্বল্পস্থায়ী একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির বন্দরে অবরোধ আরোপ করে।
অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপের চেষ্টা করছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান যেসব নৌপথকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেসব পথে চলাচলের সময় কয়েকটি জাহাজে আগুন লাগার খবরও দিয়েছে ইরানি বাহিনী।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবিলায় দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অঙ্গীকার করেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ সংকটের সূত্রপাত হয়। সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এখনো থমকে আছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনির্দেশনা দেওয়া একটি চুক্তি ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন