প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাশঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এতে ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েন। অনেক যাত্রীকে বিকল্প যানবাহনের সন্ধান করতে দেখা যায়।
সকাল থেকে বরগুনা পৌর বাস টার্মিনালে ঢাকাগামী বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেলেও নির্ধারিত পরিবহন না থাকায় তাদের গন্তব্যে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।
অন্যদিকে বরগুনা থেকে বরিশালগামী বাস এবং জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনাল এলাকায় সকাল থেকেই পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম জানান, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহনগুলোর কিছু বাস আগের রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস বরগুনায় ফিরছে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার রাজধানী ঢাকার সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অবরোধকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কা করছেন পরিবহন মালিকরা। এ কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে মালিকপক্ষ আপাতত ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পরিবহন চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ঢাকাগামী বাস চলাচল শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন