প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলাকালে দুর্বৃত্তদের রডের আঘাতে গুরুতর আহত মো. সেলিম (২৩) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত মো. সেলিম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের সন্তান। তিনি সাভারের আউকপাড়া এলাকার ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ নামক একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ৪ নভেম্বর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে কারখানা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল সেলিম ও তার সহকর্মীদের পথরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীদের একজন লোহার রড দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। হামলায় আরও দুই শ্রমিক আহত হন।
গুরুতর আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শোকাহত বাবা মোহাম্মদ রহিম জানান, কারখানা ছুটির পর ১০-১২ জন মিলে তার ছেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে তার ছেলে মারা গেল।
হামলার ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রনজিৎ বিশ্বাসসহ মোট চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন