প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। তিনি ‘দ্য স্টিং’ এবং ‘জ্যানাডু’ এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের একাধিক পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এই অভিনেতা ৮৫ বছর বয়সে গত ২২ জুলাই মৃত্যুবরণ করেন।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জেমস স্লোয়েনের মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে, অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
জেমস স্লোয়েন ‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’—এই তিনটি সিরিজে অভিনয় করেছেন।
‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে একই সিরিজে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও তাকে দেখা যায়। ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়েন।
১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় তাকে দেখা যায়। পরবর্তীতে অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও তিনি অভিনয় করেন।
জেমস স্লোয়েন ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর তিনি দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।
সেনাবাহিনীর চাকরি শেষে নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয় শুরু করেন। পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে তার ব্রডওয়ে অভিষেক ঘটে। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন তিনি।
১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান জেমস স্লোয়েন। এরপর ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ এবং ‘ডেলভেকিও’-সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে তিনি অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘদিন কাজ করেছেন স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে, জেমস স্লোয়েন অভিনেত্রী ডিআরড্রে লেনিগানের সঙ্গে সংসার করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন