প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনের দুবলার চর এলাকায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। রিয়াজ আহমেদ (২৭) নামের এই পর্যটক বোট থেকে নেমে বোট ছাড়ানোর চেষ্টা করার সময় ঢেউয়ের তোড়ে ভেসে যান। ঘটনার পর থেকে বন বিভাগ এবং কোস্ট গার্ড যৌথভাবে তাঁকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে তিন দিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব প্রদান করেন তিনি এবং তাঁর সঙ্গীরা। ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ (বিএলসি নম্বর: ২৬২৭০৮০৬০০৪) নামের পর্যটকবাহী বোটটি গত ৫ নভেম্বর সুন্দরবন ভ্রমণে যাত্রা করে। ওই বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বোটে থাকা পর্যটকদের মধ্যে কেউ কেউ বোটটি ছাড়ানোর জন্য নিচে নেমে ধাক্কাধাক্কি করতে থাকেন। চেষ্টা ব্যর্থ হলে অনেকেই ওপরে উঠে আসার সময় হঠাৎ ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ পানির স্রোতে ভেসে যান।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, পর্যটকরা সাতক্ষীরা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ঘটনার পর থেকেই দুবলার চর ও আলোরকোল- এই দুই এলাকার বন বিভাগের মাঠকর্মী এবং কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানিয়েছেন, শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন