প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন সংবর্ধনা প্রদান করেছে।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার ইউজিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বক্তারা উল্লেখ করেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পদে তার নির্বাচিত হওয়া বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন। ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।
সংবর্ধনার জবাবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মন্তব্য করেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য একটি সম্মানের বিষয়। তিনি এই দায়িত্বকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণায় সহযোগিতা এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক আরো জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
তিনি আরো বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ অর্জনে আঞ্চলিক সহযোগিতাকে আরো কার্যকর ও ফলপ্রসূ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এদিকে, গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের ১৬তম সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে দুই বছর মেয়াদে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন