প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের অভিনেত্রী জেন্ডায়ার ৩০তম জন্মদিন উপলক্ষে একটি নতুন রহস্য সৃষ্টি হয়েছে। অভিনেত্রীর মা ক্লেয়ার স্টোয়ারমার জানিয়েছেন, তার মেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রয়েছেন। তবে মায়ের এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে উপস্থিত হন জেন্ডায়া নিজেই। জন্মদিনের উপলক্ষে তিনি নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন।
জেন্ডায়া ১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দিয়েছেন। বিশেষ দিনটিতে ক্লেয়ার তার মেয়ের শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া সেই পোস্টে তিনি উল্লেখ করেন, জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন না। ফলে, তার মেয়ের চোখে পোস্টটি পড়বে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
কিন্তু মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল। ক্লেয়ার জানান, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ আগে তিনি ফেসটাইমে জেন্ডায়ার সঙ্গে কথা বলেছেন। মায়ের এমন মন্তব্য দ্রুতই ভক্তদের নজরে আসে। অনেকেই মনে করেন, কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু সেই ধারণা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মায়ের পোস্টের পরেই জেন্ডায়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোটবেলার একটি ছবি শেয়ার করেন। জন্মদিনে ভক্তদের পাঠানো শুভেচ্ছা ও ভালোবাসার জন্য তিনি তাদের ধন্যবাদও জানান।
এর আগে, গত ৮ জুলাই ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’-এর ট্রেলার প্রকাশের পর সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর জন্মদিন উপলক্ষে আবারও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি দেখা গেল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনজীবন থেকে দূরে থাকার ইচ্ছার কথা জেন্ডায়া এর আগেও জানিয়েছেন। চলতি বছরের শুরুতে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টানা কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবনের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান। মজা করে তিনি তখন জানিয়েছিলেন, কিছুদিন তাকে হয়তো কম দেখা যাবে এবং তিনি অনেকটা আড়ালে থাকতে চান।
অবশ্য কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার বিষয়টি তার জন্য খুব একটা সহজ নয়। কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ ছাড়া থাকলে তিনি অস্থির হয়ে পড়েন। বিরতি শেষ হওয়ার আগেই নতুন কাজ খুঁজতে শুরু করেন বলেও জানান তিনি।
তাহলে মায়ের কথায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইঙ্গিত মিললেও জন্মদিনে জেন্ডায়ার নিজের পোস্ট যেন বলছে অন্য কথা। আপাতত নিয়মিত না হলেও বিশেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগের দরজা যে পুরোপুরি বন্ধ করছেন না, তারই ইঙ্গিত মিলল ৩০তম জন্মদিনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন