প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবিবার অনুষ্ঠিত হবে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন “এ” ক্যাপসুল খাবে ৫ লাখ ৬৩ হাজার ২৪১ জন শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭১ জন শিশু নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২ হাজার ২৭০ জন শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল।
রবিবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন প্রধান অতিথি হিসেবে করবেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া প্রমুখ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া এই তথ্য জানান।
জেলার ৯টি উপজেলার ৯৯টি ইউনিয়নে মোট ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। প্রতিটি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল। এই ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা যেন কোনো ধরনের গুজবে কান না দেন, গুজবে বিভ্রান্ত না হন।
তিনি উল্লেখ করেন যে, ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে মোট ৪ হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবক, ৪০৯ জন স্বাস্থ্য সহকারী, ৯৩ জন এএইচআই, ৩০৯ জন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালন করবেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন