প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রম বজায় রাখতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
তিনি উল্লেখ করেছেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কারণে প্রথমে সোলার প্যানেল স্থাপন করা হবে, এরপর মাল্টিমিডিয়া ক্লাস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং কলেজগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগে যে অনিয়ম ছিল, সেগুলো থেকে বের হয়ে নতুন কর্মসূচি, নতুন কারিকুলাম ও নতুন পদ্ধতি প্রবর্তনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ও সে অনুযায়ী কাজ করছে। শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, গানবাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা করতে হবে। এসব বিষয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারেও উল্লেখ রয়েছে। এ কাজে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
আধুনিক শিক্ষার সহায়ক উপকরণ সরবরাহের বিষয়ে আবদুল খালেক বলেন, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষার জন্য যেসব সহায়ক উপকরণ প্রয়োজন, সেগুলো সরবরাহ করা হবে। বিশেষ করে মাল্টিমিডিয়া ক্লাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে, যাতে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া সম্ভব হয়।
বিদ্যুৎ সরবরাহের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুতের ওঠানামা থাকায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল থাকা আবশ্যক। এর মাধ্যমে বিদ্যুতের ব্যাকআপ নিশ্চিত করা সম্ভব হবে এবং মাল্টিমিডিয়া ক্লাস চালু রাখা যাবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু সেগুলোর অনেকগুলো এখন কার্যকর নয়। দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক সরঞ্জাম অকেজো হয়ে যাচ্ছে। সব দিক বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথম কাজ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন