প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে শতাধিক মানুষের গুম ও হত্যা মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। বিটিভি এবং প্রসিকিউশনের পেইজ থেকে এই যুক্তিতর্কগুলো সম্প্রচার করা হবে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি "আমার দেশ"কে জানান, "আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করছি, সেটা দেশবাসীর সামনে তুলে ধরতে এই উদ্যোগ। দেশের মানুষ জানুক জিয়াউল আহসান গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা দেশের মানুষকে জানাতে চাই।"
গত ২২ নভেম্বর জিয়াউলের সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়। প্রসিকিউশন এই মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এই সময়ের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলার বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন