প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান ‘চ্যালেঞ্জ’ জানিয়েছেন। প্রায় ১০ মিনিটের ফোনালাপে মো. তারেক আজিজ রায়হানকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের জন্য আহ্বান জানান। তবে রায়হান এই আহ্বানে রাজি না হয়ে উল্টো বলেন, পুলিশ তাকে খুঁজে পাবে না।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রায়হান নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন। পরে এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেয়া হবে না। কিন্তু রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি এবং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’
জবাবে রায়হান জানান, তার আত্মসমর্পণের ইচ্ছা রয়েছে। তবে তিনি একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তার ভাষ্য, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এর ফলে তাকে নিয়ে ঝামেলা তৈরি হয় এবং তার ভাই সব অস্ত্র নিয়ে নেন।
কথোপকথনে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে আত্মবিশ্বাস দেখান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তার অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাকে খুঁজে পাবে না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার কথাও পুলিশ কর্মকর্তাকে জানান তিনি।
একপর্যায়ে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ‘হাওয়া হয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন। ফোনালাপে তাকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় পুলিশ কর্মকর্তার পরিবারের খোঁজখবরও নেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন