প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ আইনি লড়াই ও ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে বৃত্তি নিয়ে আয়ারল্যান্ডে যাচ্ছেন ফিলিস্তিনের গাজার ২০ শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) কঠোর ইসরায়েলি নজরদারির মধ্য দিয়ে গাজা ছাড়েন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) জর্দান হয়ে তাদের আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌঁছানোর কথা রয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়া গাজার ৬০ জনেরও বেশি শিক্ষার্থীর ভিসা আবেদন গত জুলাইয়ে বাতিল করে দিয়েছিল দেশটির বিচার বিভাগ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে টানা চার মাস ধরে প্রচারণা ও আইনি লড়াই চলে। ভিসা বাতিলের ওই ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘদিনের সংহতির সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে সমালোচনায় সরব হন দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।
গত সপ্তাহে ডাবলিন হাইকোর্ট ভিসা বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার নির্দেশ দিলে অবস্থান বদলায় আইরিশ সরকার। এরপর দেশটির আইনমন্ত্রী জিম ও’ক্যালাহান ৪৮ জন শিক্ষার্থীর ভিসা অনুমোদন করেন। প্রথম দফায় ২০ জন শিক্ষার্থী মঙ্গলবার ডাবলিনে পৌঁছাচ্ছেন এবং বাকিদের ডিসেম্বরের শেষ দিকে যাওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীরা মূলত গত গ্রীষ্মেই আয়ারল্যান্ডে যেতে চেয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয় কাগজপত্রও তাদের ছিল। কিন্তু বিচার বিভাগ তাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট, পড়াশোনা শেষে দেশে ফেরার প্রমাণপত্র এবং ডাকযোগে আপিল করার শর্ত জুড়ে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, যুদ্ধের কারণে গাজার ব্যাংকিং ও ডাকব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আগে কখনো এমন কাগজপত্র চাওয়া হয়নি। বিষয়টি নিয়ে আয়ারল্যান্ডে বিক্ষোভ ও পিটিশনের পাশাপাশি সংগীতশিল্পী হোজিয়ার, অভিনেত্রী নিকোলা কাফলান ও র্যাপ গ্রুপ নি-ক্যাপসহ অনেক শিল্পী-লেখক খোলা চিঠিতে স্বাক্ষর করেন। লেবার পার্টির নেত্রী ইভানা বাচিকও সরকারের এই ‘ভিত্তিহীন’ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
এর আগে গত অক্টোবরে ইউনিভার্সিটি কলেজ কর্কে প্রকৌশল বিষয়ে বৃত্তি পাওয়া ২০ বছর বয়সী শায়মা আবুদালুর করা এক মামলায় হাইকোর্ট জানান, ভিসা বাতিলের সিদ্ধান্তে ‘গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট ত্রুটি’ ছিল। পরে গত সপ্তাহে ৪৮টি ভিসা মঞ্জুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হাইকোর্টের এক বিচারপতি একে ‘বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেন। নতুন যাওয়া শিক্ষার্থীদের মধ্যে একটি নৃত্যদলের পাঁচ সদস্যও রয়েছেন, যারা লিমেরিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
গাজা ছাড়ার আগে ইমেইলে নিজের অনুভূতির কথা জানান ২৬ বছর বয়সী শিক্ষার্থী আমির আলারির। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়তে যাওয়া এই তরুণ বলেন, মাসের পর মাস অপেক্ষা ও লড়াইয়ের পর এই সুযোগ পেয়ে তিনি স্বস্তিবোধ করছেন। তবে পরিবারকে গাজায় রেখে আসায় পরিপূর্ণ আনন্দ অনুভব করা কঠিন।
গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র আমির জানান, ইসরায়েলি হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং পরিবারকে বহুবার বাস্তুচ্যুত হতে হয়েছে। দুর্ভিক্ষের সময় এক কেজি আটাও খুঁজে না পাওয়ার দিনগুলো ছিল সবচেয়ে কষ্টের। বিদ্যুৎ বিভ্রাট ও নানা প্রতিকূলতার মধ্যেও গাজা থেকে এই ভিসা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পড়াশোনা শেষে দেশে ফিরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একটি সাইবার নিরাপত্তা বিভাগ গড়ে তোলার স্বপ্ন দেখেন আমির, যাতে ফিলিস্তিনি তরুণরাই গাজার ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন