প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০২:৩৯ এম || প্রকাশের তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৫৩ পি.এম
নিউটাউনে জমি নিয়ে বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ
কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউনে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মিথ্যা তথ্য দিয়ে এবং পুলিশকে বিভ্রান্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জমিটির বৈধ মালিক ফরিদুর রহমান সাজন।
সম্প্রতি হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগে বিরোধপূর্ণ জমিতে আদালতের ১৪৪ ধারা জারি ও পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশিত খবরের জবাবে এক বিবৃতিতে ফরিদুর রহমান সাজন জানান, আসল ঘটনা আড়াল করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। মূলত আদালত, পুলিশ ও গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে তাঁদের সম্মানহানি এবং নিষ্কণ্টক জমি দখলের চক্রান্ত করছে একটি স্বার্থান্বেষী মহল।
জমির সঠিক আইনি ভিত্তি তুলে ধরে তিনি জানান, সিএস খতিয়ান ১৩০৪, এসএ খতিয়ান ৪০২ ও ৪৭০, আরএস খতিয়ান ১১৩২১ ও ৮৪৩াস, খারিজ খতিয়ান ২৮২৩১ এবং হিসাব নং ২৭৩ ৪৮ ভুক্ত জমিটি অতীতে মোঃ হাফিজ উদ্দিন (আঙ্গুর) গং কিশোরগঞ্জে রেজিস্ট্রিকৃত ‘আমমোক্তারনামা দলিল’ মূলে তাঁর চাচা মোঃ মজিবুর রহমান বাবুকে প্রদান করেন। পরবর্তীতে মজিবুর রহমান বাবুর কাছ থেকে বৈধ ‘সাফ কাওলা দলিল’ মূলে জমিটি ক্রয় করেন তাঁর বাবা মরহুম মাহবুবুর রহমান (খোকন)। পিতার ইন্তেকালের পর ওয়ারিশ সূত্রে ফরিদুর রহমান সাজন, তাঁর মা ও বোন জমিটির নামজারি, খাজনা পরিশোধ ও আইনি ‘বণ্টননামা দলিল’ সম্পন্ন করে নিষ্কণ্টকভাবে ভোগদখল করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা সজীব ও রাজীব দুজনে আপন দুই ভাই এবং সম্পর্কে তাঁর ফুপাতো ভাই। আত্মীয়তার সূত্রে তাঁর বাবা জীবদ্দশায় তাদের নানার বাড়িতে (সাজনের বাবার বাড়ি) ভাড়া থাকার সুযোগ দিয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর তারা ঘর না ছেড়ে অন্যায্যভাবে দখল করে রাখে। তারা কিশোরগঞ্জ শহরের হারুয়ার আব্দুল মুমেনকে (বাবুল) সাথে নিয়ে চক্র গড়ে তোলে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে এবং নিজেরা সুবিধা করতে না পেরে তারা জমিটির সাবেক মালিক হাফিজ উদ্দিনকে (আঙ্গুর) ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে।
বিবৃতিতে ফরিদুর রহমান সাজন স্পষ্ট করেন, তাঁরা আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল এবং রেজিস্ট্রিকৃত বৈধ দলিলের তথ্য লুকিয়ে এই ভূঁইফোড় অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে অনতিবিলম্বে আদালতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"