প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুরান ঢাকার ধোলাইখালে সড়কের একটি অংশ ধসে পড়েছে। রোববার (১২ জুলাই) বিকেল থেকে শুরু করে সোমবার (১৩ জুলাই) দুপুরের মধ্যে নারিন্দা মোড়–সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করায় এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় রাস্তার মাঝখানে একটি গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে, এবং দেবে যাওয়া অংশটি ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করে। এক পর্যায়ে আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়ে।
ঘটনার পর, সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং মেরামতকাজ শুরু করেন।
সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন জানালেন, সড়কের নিচের ভূমি সরে যাওয়ার কারণে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। সেটিই ধসের কারণ হয়েছে।
তিনি আরও জানান, মূল মেরামত কার্যক্রম শেষ করতে দুই থেকে তিনদিন প্রয়োজন হবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ সম্পন্ন করতে প্রায় ১০ দিন লাগতে পারে। জনদুর্ভোগ কমানোর জন্য পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্যপাশে মেরামতের কাজ চালানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন