প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে স্প্যানিশ কোচের সঙ্গে নতুন চুক্তির মৌখিক সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল ক্লাবটি।
মিকেল আর্তেতা আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। নতুন চুক্তিতে তাঁর বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সবকিছু চূড়ান্ত হলে আর্সেনালে তাঁর অধ্যায় এক দশকেরও বেশি সময় ধরে চলতে পারে।
আর্তেতা ২০২৪ সালের সেপ্টেম্বরে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষে শেষ হবে। গত মে মাসে আর্সেনাল দীর্ঘ অপেক্ষার পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর থেকেই নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময় আলোচনা সাময়িকভাবে স্থগিত ছিল।
৪৪ বছর বয়সী আর্তেতা ২০১৯ সালের ডিসেম্বরে উনাই এমেরির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে দীর্ঘকাল দায়িত্বে থাকা কোচ। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি থেকে পেপ গার্দিওলার বিদায়ের পর এই তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
গত মৌসুমে আর্সেনালের হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন আর্তেতা। ২০০৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর পাশাপাশি দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছিলেন। তবে বুদাপেস্টের ফাইনালে পেনাল্টি শুটআউটে প্যারিস সাঁ জার্মেইয়ের কাছে পরাজিত হয় আর্সেনাল।
চলতি মৌসুমেও দারুণ শুরু করেছিল আর্তেতার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের পর শনিবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে অপ্রত্যাশিত হার দেখে তারা।
ওই ম্যাচের আগে নিজের চুক্তির ভবিষ্যৎ নিয়ে আর্তেতা বলেছিলেন, “আমরা সবাই একই জায়গায় আছি। সময় যখন উপযুক্ত হবে, তখন বিষয়টি সম্পন্ন হয়ে যাবে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার মনে হয়, আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও ইচ্ছা একই।”
আর্তেতার বর্তমান চুক্তি থেকে বছরে প্রায় ১ কোটি পাউন্ড আয় করার ধারণা করা হয়। চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য রয়েছে আরও প্রায় ৫০ লাখ পাউন্ড বোনাস। নতুন চুক্তি হলে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া কোচদের একজন হয়ে উঠবেন।
আর্তেতার পাশাপাশি ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসের সঙ্গেও নতুন চুক্তি করতে চায় আর্সেনাল। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। যদিও চুক্তিতে এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে, তবু ক্লাবটি দীর্ঘমেয়াদি নতুন শর্তে সমঝোতায় যেতে আগ্রহী।
আর্তেতার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি চুক্তিতে ধরে রাখার নীতির অংশ হিসেবেই রাইসের সঙ্গে নতুন চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন