প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
❝বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়,
সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়।❞
—এই বর্ণিল শ্লোগান ও উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর'-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কিশলয় পরিচালক মাহবুব নাজিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা সদস্য মুর্শেদ আলম, প্রাক্তন পরিচালক মুস্তাফিজুর রহমান, হোসেন আলী, কাওসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিশু-কিশোরের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে শিশু-কিশোরদের পরিবেশনায় এক আনন্দঘন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর 'একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা'—এই পাঁচটি মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা, মননশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন