প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হবে। আবেদন করার শেষ সময় ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত হয়েছে।
অনলাইনে আবেদন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://convocation.du.ac.bd এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই ১ম ধাপ সম্পন্ন করতে হবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি বেলা ১১টায়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি (Prof. Dr. Atsushi Sunami), যিনি সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। সিন্ডিকেটের সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম প্রণয়নের লক্ষ্যে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা।
২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট এবং পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া, ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলোও ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত হবে এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন।
৫৪তম সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সমাবর্তন অনুষ্ঠান উদযাপনে উপ-কমিটিসমূহকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে সকলের প্রতি তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন