প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, বাজারে সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনতে এসেছি। মুরগি ক্রয়ের সময় মনে হয়, গরুর দামে কিনতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে গরুর মাংস ও ইলিশ মাছের কথা ভুলে যাবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি আগের চেয়ে আরও সংকটজনক হয়ে উঠছে।
তিনি উল্লেখ করেন, সরকার ক্ষমতায় আসার পর সাত থেকে আট মাসের মধ্যে নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এলপিজি গ্যাসের দামও দ্বিগুণ হয়েছে, বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে কম সময়ে জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে তারা একটি রেকর্ড গড়েছে।
এনসিপির এই নেতা বলেন, মানুষের দুর্ভোগ দ্রুত সমাধান করতে হবে। এসব সমস্যার সমাধানে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। দায়িত্ব পালনে অবহেলা রয়েছে। সরকার ও তাদের সন্তানরা বিভিন্ন ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোন ভ্রূক্ষেপ নেই।
তিনি জানান, বাংলাদেশের বর্তমান সংকট, মানুষের দুর্ভোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করবে।
আসিফ মাহমুদ জানান, কর্মসূচির আগে সারা দেশে গণসংযোগ শুরু করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনা হবে এবং সচেতনতা তৈরিতে কাজ করা হবে। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষে আগামী শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন