প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগাছায় আনোয়ার হোসেন মিন্টুর রাজনৈতিক পরিচয় নিয়ে আওয়ামী লীগ, জামায়াত ও পুলিশের বক্তব্যে ত্রিমুখী বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে সন্দেহে আটক করলেও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ২০২৩ সাল থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী তাকে সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দাবি করে আটকের নিন্দা জানিয়েছেন। এ ঘটনার পর শতাধিক জামায়াত নেতাকর্মী থানায় অবস্থান নিলে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আদালতে পাঠানোর পর তিনি জামিন লাভ করেন।
মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মিন্টুকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগাছা সদর ইউনিয়নে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মিন্টু পীরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তাকে ঘোষণা করেছে দলটি। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। পরে শতাধিক নেতাকর্মী পীরগাছা থানায় উপস্থিত হয়ে অবস্থান নেন, ফলে উপজেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
জামায়াত নেতাদের দাবি, মিন্টু ২০২৩ সালের শুরুর দিকে দলটির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর সহযোগী সদস্য পূরণের মাধ্যমে তিনি সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
সাবেক শিবির নেতা শফিকুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে জামায়াতে যোগ দেওয়ায় মিন্টু সে সময় পুলিশ ও আওয়ামী লীগের কাছে ব্যাপকভাবে অপদস্ত হয়েছিলেন।" জামায়াতে যোগদানের পর যোগ্যতার ভিত্তিতে তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুখানপুকুর কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ওই কেন্দ্রে শাপলা কলি প্রতীকের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
পীরগাছা উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইন বলেন, ‘মিন্টু ২০২৩ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পীরগাছা ইউনিয়নের ১ নম্বর (সুখানপুকুর) ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে আওয়ামী লীগ নেতা সন্দেহে আটকের ঘটনায় আমরা উদ্বিগ্ন।’
অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মিন্টুর আটকের নিন্দা জানান। তাদের পোস্টে মিন্টুকে সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। ফলে তার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি দাবি দেখা দিয়েছে।
রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদ বলেন, ‘এখানে পাল্টাপাল্টির কিছু নেই। মিন্টু ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এর আগে তিনি আওয়ামী লীগ করতেন।’
এদিকে, স্থানীয়দের অভিযোগ, পীরগাছা থানার ওসি বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে সমঝোতা করে ৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মিন্টুকে আদালতে পাঠান।
পীরগাছা থানার ওসি জহুরুল হক বলেন, ‘গ্রেপ্তার আনোয়ার হোসেন মিন্টু আগে আওয়ামী লীগ করতেন, এখন জামায়াত করেন। এসআই শাহজাহান ওয়ারেন্ট তামিল করতে গিয়ে তার বিরুদ্ধে ৫১ ধারার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁকে জামিন দেন।’
নিজের রাজনৈতিক পরিচয় ও আটকের বিষয়ে আনোয়ার হোসেন মিন্টু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে আমি আওয়ামী কৃষক লীগ থেকে পদত্যাগ করে দলটিতে যোগদান করি। সাম্প্রতিক সময়ে আমাকে ওয়ার্ড ইউপি সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঘোষণা করায় আমার পূর্ববর্তী রাজনৈতিক কর্তৃপক্ষ আদর্শিকভাবে ব্যর্থ হয়ে আমাকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে থানা পুলিশের মাধ্যমে আমি এই হেনস্তার শিকার হয়েছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন