প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানে ইসরাইলের সম্ভাব্য হামলার ফলে লেবানন, সিরিয়া এবং গাজাসহ একাধিক রণাঙ্গনে ব্যাপক সংঘাতের সৃষ্টি হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সতর্কতা তুলে ধরা হয়। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহু এবং দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকে এই সতর্কতা দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরাইলে ব্যাপক আলোচনা চলছে।
সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী, ইরানে ইসরাইলি হামলা হলে তা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূচনা করতে পারে। তবে নেতানিয়াহু এবং মোসাদের প্রধান রোমান গফম্যানের ধারণা, এই ধরনের অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ইরানের হুমকিকে অতিরঞ্জিত করছেন বলে অভিযোগ উঠেছে। বিকল্প সরকার গঠনের সম্ভাবনা রোধ করতে তিনি ইরানে হামলার জন্য চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে।
রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা করা বিষয় সম্পর্কে চ্যানেল ১২-এর কাছে মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এদিকে, ইসরাইলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান সূত্রে জানা গেছে, যত দ্রুত সম্ভব ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এবং নতুন করে সামরিক অভিযান শুরু করতে তিনি অনাগ্রহী।
সূত্র: টাইমস অব ইসরাইল
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন