প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তির দাবি জানিয়েছেন। তিনি গঙ্গা, তিস্তা এবং অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য এই আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ আউয়াল নাঈম মিলনায়তনে লেবার পার্টি ঢাকা মহানগরের আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তুলে ধরেন।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, "মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার প্রতিষ্ঠা ও দেশ বাঁচাতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে।"
তিনি আরও বলেন, "উজানে একতরফা পানি প্রত্যাহার, বাঁধ ও জলাধার নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাংলাদেশের নদ-নদী, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও জনজীবন মারাত্মক সংকটে পড়েছে। নদীনির্ভর বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা জরুরি।"
গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।" তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনায়ও কার্যকর অগ্রগতি প্রয়োজন বলে তিনি জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন, "ভারতকে অভিন্ন নদীগুলোর উজানে একতরফা পানি প্রত্যাহার বন্ধ করতে হবে।" চুক্তিতে ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা, গ্যারান্টি ক্লজ সংযুক্ত করা এবং নদীর অববাহিকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার নিশ্চয়তা থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনের আলোকে অভিন্ন নদীগুলোর সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।"
লেবার পার্টি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আহমেদ হাসান হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজিব, বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ডেমরা থানা লেবার পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ, পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন এবং ছাত্রমিশনের কেন্দ্রীয় সদস্য মো. সাব্বির আহমেদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন