প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে দুইজন এবং দেড় কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মামা-ভাগ্নি গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তৌফিকুল আমিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকা থেকে মাজহারুল ইসলাম ওরফে সজীব (২৯) ও মিমরুন নাহার তন্বী (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করে। তারা সম্পর্কে মামা-ভাগ্নি।
গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য ডিজিটাল আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম সজীব ২০২২ সালে ‘1xBet’ নামের একটি বেটিং সাইটে সাব-এজেন্ট হিসেবে কাজ শুরু করার কথা জানান। পরবর্তীতে ২০২৪ সাল থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একজন রাশিয়ান ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পর তিনি ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এরপর নিজের অধীনে একাধিক সাব-এজেন্ট নিয়োগ করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন সজীব। ‘1xBet’ ছাড়াও ‘MEGA CASINO WORLD’ ও ‘Coldbet’সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ছাড়া অবৈধ আর্থিক লেনদেন ও অর্থপাচারে ‘management.io’ ও ‘mobcash’-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্যও তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দেড় কেজি গাঁজাসহ আরও দুইজন গ্রেপ্তার
অন্যদিকে, একই দিনে মাদকবিরোধী অভিযান চালিয়েছে নেত্রকোনা ডিবি পুলিশ।
এসআই মো. ইউছুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল পূর্বধলা উপজেলার হিরনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর এলাকার একটি কার ওয়াশ দোকানের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্বধলা উপজেলার ইয়ারং এলাকার স্বপন ভাসফরের ছেলে সেতু ভাসফর নীরব (৩২) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার কেওয়াটখালী সুইপার কলোনির মৃত স্বপন হরিজনের মেয়ে পূজা রানী (২১)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ বলছে, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন