প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের পর ভারি বৃষ্টির ফলে সৃষ্ট পানির স্রোতে দুইজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সান বার্নারডিনো কাউন্টির চিনো ক্রিক থেকে শেরিফ বিভাগের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। কর্তৃপক্ষের ধারণা, উভয়েই গৃহহীন ছিলেন।
সান বার্নারডিনো কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র গ্লোরিয়া ওরেজেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টার আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানানো হয় যে, চিনো হিলসের চিনো এভিনিউ ও হাইওয়ে ৭১-এর কাছে একটি খালে দুজন মানুষ পানির স্রোতে ভেসে যাচ্ছেন।
পরে স্রোতে ভেসে যাওয়া ওই দুজন প্রায় তিন মাইল দূরে সেন্ট্রাল এভিনিউয়ের কাছে ঘন ঝোপঝাড় ও গাছের মধ্যে আটকে পড়েন। উদ্ধারকারীরা দড়ির সাহায্যে একজনকে নিরাপদে টেনে তুলতে সক্ষম হন। তবে ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার চিৎকার শোনা গেলেও, তীব্র স্রোতের কারণে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে পারেননি।
পরে ঘটনাস্থল থেকে তিন মাইলেরও বেশি দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকজন পুরুষের মরদেহ পাওয়া যায়। তবে তাকে উদ্ধারের আগে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় মৃত দুজনের নাম ছিল না বলে জানান ওরেজেল। তিনি বলেন, নতুন করে আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে যাবেন উদ্ধারকারীরা।
এদিকে বৃহস্পতিবার বিকেলে সান বার্নারডিনো শহরে গৃহহীনদের একটি অস্থায়ী শিবির থেকে আরো দুইজনকে উদ্ধার করেছে কাউন্টি ফায়ার বিভাগ। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি কুকুর ও একটি বিড়ালকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শেরিফ বিভাগের মুখপাত্র ওরেজেল জানান, নদী ও খালের আশপাশে অস্থায়ী শিবিরে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের বিশেষ দল রয়েছে। বড় ধরনের ঝড়ের আগে শেরিফের হেলিকপ্টার থেকে মাইকে সতর্কবার্তাও প্রচার করা হয়।
তিনি বলেন, ঝড়ের সময় বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার জন্য উদ্ধারকারীদের নির্দেশের অপেক্ষা করা উচিত নয়। বরং আগেই নিরাপদ স্থানে চলে যেতে হবে। কারণ, এ ধরনের পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন