প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা আলোচনা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তবে এবার তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। গ্রিসে বিয়ের আয়োজন এবং চেন্নাইয়ে জমকালো সংবর্ধনার খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছে তাঁদের সম্পর্কের নানা অধ্যায়।
২০২৫ সালে অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে প্রেমের গুঞ্জন জোরালো হতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। সে সময় বিয়ের খবর নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন অনিরুদ্ধ। গুঞ্জন থামাতে তিনি সকলকে এমন আলোচনা বন্ধ করার আহ্বানও জানান। তবে এরপরও তাঁদের সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ কমেনি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ নভেম্বর ২০২৬ গ্রিসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে আয়োজন করা হতে পারে বিয়ের সংবর্ধনা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যেও চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনার কথা উল্লেখ করা হয়েছে। তবে গ্রিসে বিয়ের নির্দিষ্ট তারিখসহ আয়োজনের সব তথ্য এখনো অনিরুদ্ধ ও কাব্য নিজেদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
সম্ভাব্য এই আয়োজন ঘিরে তারকাদের উপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংগীত, চলচ্চিত্র, ক্রিকেট ও ব্যবসায়িক জগতের পরিচিত ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সম্ভাব্য অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা কিংবা কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
অনিরুদ্ধ রবিচন্দর তামিল চলচ্চিত্রের অন্যতম পরিচিত সংগীত পরিচালক। অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিনোদন ও ক্রিকেট জগতের দুই পরিচিত মুখকে ঘিরে বিয়ের খবরটি তাই বিশেষ আগ্রহ তৈরি করেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে নিজেদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে সরাসরি মুখ খুলবেন অনিরুদ্ধ ও কাব্য।
টাইমস অব ইন্ডিয়া ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অবলম্বনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন