প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রতি সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। একের পর এক সিরিজে ব্যর্থতার কারণে প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
গুঞ্জন রয়েছে যে, সিমন্স চাকরি হারাতে পারেন। তবে বাংলাদেশ কোচ এসব বিষয় নিয়ে একদম চিন্তিত নন। তিনি দাবি করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি বা চাকরি নিয়ে কোনো আলোচনা হয়নি।
দক্ষিণ আফ্রিকা সফরের সেঞ্চুরিয়ন টেস্টের আগে সংবাদ সম্মেলনে সিমন্সকে তার চুক্তি ও চাকরির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তার জবাব ছিল, ‘চুক্তি কিংবা অন্য কিছু নিয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আপনার প্রশ্নের যদি উত্তর দিই, আমি এসব নিয়ে মাথা ঘামাই না।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সিমন্সের চুক্তি রয়েছে। তার অধীনে বাংলাদেশ ৯৫টি ম্যাচ খেলে ৩৯টিতে জয়ী হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে সিমন্সের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অস্ট্রেলিয়া সফরে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেলেও এরপর বাংলাদেশ নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পরাজয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়হীন থাকা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার—সব মিলিয়ে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিসিবি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয়। সিরিজ হারের পর বিদায় নিতে হয়েছে ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদারকেও। এখন প্রধান কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজ চলাকালীন বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। সিমন্সের পারফরম্যান্স মূল্যায়ন সম্পর্কে প্রশ্ন করা হলে তামিম বলেন, ‘যেহেতু একটা সিরিজ চলছে...আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন