প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ শিক্ষার্থীকে প্রথমবারের মতো Appreciation Letter (প্রশংসাপত্র) প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের Office of International Affairs (OIA)। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপের সুযোগ তৈরি করা।
বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই Appreciation Letter প্রদান করা হয়। প্রথমে সাতজন শিক্ষার্থীকে সরাসরি চিঠি দেওয়া হয় এবং পরবর্তীতে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়। মোট ৮৬ জন শিক্ষার্থী এ স্বীকৃতি লাভ করেছেন।
Office of International Affairs সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাঁদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরে ৮১-তে পৌঁছায়।
সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।
তাঁদের উচ্চশিক্ষার অর্থায়নে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
উদ্যোগটির বিষয়ে Office of International Affairs-এর পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। যদিও বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাঁদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেছে, তবে সমন্বিতভাবে তাঁদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক পার্টনারশিপ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাঁদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তাঁরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি তাঁদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন Appreciation Letter পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন