প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের লক্ষ্যে এবং মাংস বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলস্বরূপ দুই মাংস ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া পৌর প্রশাসক সানজিদা চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অনুযায়ী দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় সাউদপাড়া মোড়ের মাংস ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, কেন্দুয়া কাঁচাবাজারের আবুল হাশেমের মাংসের দোকানে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫ ও ৮ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্ধারিত অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, মৃত গরুর মাংস ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত আরাধন বেপারীকে অভিযানের সময় পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানায়, তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, "মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, স্থানীয় বাসিন্দা ও মাংস ক্রেতারা অভিযানে সন্তোষ প্রকাশ করে খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন