প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে চালকের চিৎকারে স্থানীয় লোকজনের তৎপরতায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে পুলিশ তাদের উদ্ধার করা অটোরিকশাসহ থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার ভুটিয়া চৌরাস্তা বাজারের প্রায় ২০০ গজ পূর্বে এ ঘটনা ঘটে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, দুই ব্যক্তি যাত্রীবেশে একটি অটোরিকশা ভাড়া করে ভুটিয়া যাওয়ার কথা বলে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে তারা অটোরিকশাচালককে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় চালকের চিৎকার শুনে ভুটিয়া চৌরাস্তা বাজারে থাকা স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোরিকশা ও দুই অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার আলমপুর (মাথাইল চাপড়) গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. নাজমুল হাসান (২০)। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ছামান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৯)।
এ ঘটনায় ছিনতাই হওয়া প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলেও জানান মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক।
এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহিম বাদী হয়ে শনিবার(১৪ নভেম্বর) মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। মধুপুর থানার মামলা নম্বর-২০। এতে দণ্ডবিধির ৩৯২/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ওসি একে এম ফজলুল হক জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন