প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাহার ফিড মিলের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত নুরুল হাসানের ছেলে মো. আমিন (৩৭) এবং মৃত সুলতানের ছেলে দ্বীন মোহাম্মদ (২৭)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী ‘নীলাচল পরিবহন’-এর একটি বাসে গাঁজা নিয়ে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে মস্তাননগরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
যখন চেকপোস্টের কাছে বাসটি পৌঁছায়, তখন দুই যাত্রী তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক দুজন এবং উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জোরারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে চালান দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন