প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ নাজিউর রহমান সোহেল ॥
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নিবন্ধিত ৪ শিক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেনি। ২০২৫ সালে এই প্রতিষ্ঠানের ৬ পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছিল।
বিগত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২২ সালে ১২ জনের মধ্যে ৩ জন, ২০২৩ সালে ১৭ জনের মধ্যে ২ জন এবং ২০২৪ সালে ৮ জনের মধ্যে ২ জন পাস করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কমতে কমতে প্রতিষ্ঠানটি টানা দুই বছর ধরে ‘শূন্য পাসের’ অবস্থায় রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের শোকজের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মৃধা জানান, দুর্বল, অনিয়মিত ও ঝরে পড়া শিক্ষার্থী ভর্তি, উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হওয়া এবং ইংরেজি ও আইসিটি বিষয়ের শিক্ষক না থাকার কারণে এই ফল বিপর্যয় ঘটেছে।
মধুখালীর এই কলেজের পরিস্থিতি একক ঘটনা নয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এইচএসসি পরীক্ষায় প্রকৃত ও নির্মোহ উত্তরপত্র মূল্যায়নের ফলে এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা শিক্ষাসংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অর্থাৎ বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নামে-বেনামে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বাসসকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করবে না—এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। একজন শিক্ষার্থী পাস না করার দায় শুধু শিক্ষার্থীর নয়, বরং মনিটরিংয়ের ঘাটতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কাঠামোর ত্রুটির কারণে এমনটি ঘটছে।’
তিনি আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক বিবেচনায় যত্রতত্র গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠান দেশের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে। অনেক কলেজে শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা কম রয়েছে। তাই অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে কারিগরি প্রতিষ্ঠানে রূপান্তর এবং কর্মরত শিক্ষকদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে পুনর্বাসন করা উচিত।’
ফল বিপর্যয়ের নেপথ্যে যেসব কারণ
জানা গেছে, সম্প্রতি ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের পেছনে কী কী কারণ রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কলেজ প্রধানদের নিয়ে সভা করেছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব জানতে চাওয়া হয়েছে। লিখিত জবাব ও সভায় উঠে আসা ফল বিপর্যয়ের নেপথ্যে শিক্ষার্থী-শিক্ষক ও রাজনৈতিক প্রভাবসহ ১০টি মৌলিক কারণ চিহ্নিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শকদের সঙ্গে কথা বলে শূন্য পাসের পেছনে বেশিরভাগ কলেজে শিক্ষার্থী সংকট ও কাম্য সংখ্যার ঘাটতি, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি ও ঝরে পড়ার প্রবণতা, শিক্ষক সংকট ও তাদের নিষ্ক্রিয়তা, অভিভাবকহীনতা ও সঠিক তদারকির অভাবের বিষয়গুলো উঠে এসেছে।
পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অপরিকল্পিত কলেজ স্থাপন, পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি, অনিয়মিত পরীক্ষার্থী ও খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতির মতো সংকটগুলো পাওয়া গেছে। এর বাইরে প্রশাসনিক ও অবকাঠামোগত দুর্বলতা, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান বিমুখতা ও বিকল্প পেশায় সম্পৃক্ততা এবং মফস্বলের কলেজগুলোতে আসন বিন্যাসে সমন্বয়হীনতার মতো বিষয়গুলো এ সংকটের অন্যতম কারণ।
বোর্ড সংশ্লিষ্টরা যা বলছেন
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, শূন্য পাস প্রতিষ্ঠানগুলোতে কাম্য সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী থাকে না। মফস্বলে ৩০ ও শহরে ৪০ জন শিক্ষার্থীর কাম্য মান তো দূরে থাক, অনেক কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা মাত্র ১ থেকে ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর শিক্ষার্থী না থাকায় স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় থাকে না। প্রতিষ্ঠানে কাগজে-কলমে কিছু শিক্ষার্থী ভর্তি থাকলেও তারা নিয়মিত ক্লাসে আসে না। মূলধারার ভালো প্রতিষ্ঠানে সুযোগ না পেয়ে দুর্বল ও ঝরে পড়া শিক্ষার্থীরা সহজে এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। ফলে পড়াশোনার সঙ্গে তাদের কার্যত কোনো সংযোগ থাকে না।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির বাসসকে জানান, এ বোর্ডের অধীনে শূন্য পাস কলেজগুলোতে শিক্ষার্থী সংখ্যা মাত্র ১ থেকে ১০ জনের মতো রয়েছে। অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক থাকলেও তারা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নেন না। আবার এসব প্রতিষ্ঠানগুলো মফস্বল এলাকার হওয়ার তুলনামূলক ভালো কলেজগুলোতে শিক্ষার্থীরা চলে যায়।
বোর্ড সংশ্লিষ্টদের ভাষ্য, শূন্য পাস কলেজগুলোর মধ্যে এমপিওভুক্ত বা নন-এমপিও অনেক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই, কোথাও কোথাও শিক্ষক থাকলেও তারা নিয়মিত ক্লাসে আসেন না। অনেক শিক্ষক পেশাগত দায়িত্ব বাদ রেখে অন্যান্য বিকল্প কাজে যুক্ত থাকায় প্রতিষ্ঠানগুলো ধুঁকতে থাকে। স্থানীয় পর্যায়ে নামমাত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কোনো অভিভাবক নেই। গভর্নিং বডি বা স্থানীয় সুধী সমাজের কার্যকর মনিটরিংয়ের অভাবে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তারা প্রাথমিক উদ্যোগের পর আর খোঁজখবর রাখেন না। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, কেবল নিজেদের আত্মীয়-স্বজন ও পছন্দের লোকজনকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে ভৌগোলিক জরিপ ছাড়াই এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল।
অপরিকল্পিত কলেজ স্থাপন বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বাসসকে বলেন, ‘শূন্য পাস প্রতিষ্ঠানগুলোর মূল সমস্যা হচ্ছে— সেখানে পর্যাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক নেই। অতীতে রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সুনামের জন্য পরিকল্পনা ছাড়াই যত্রতত্র এসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যা বর্তমান মানদণ্ডে টিকতে পারছে না।’
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সৈয়দ মনজুরুল ইসলাম বাসসকে বলেন, অভিভাবকত্ব ও তদারকির অভাবে প্রতিষ্ঠানগুলো ধুঁকে ধুঁকে মরছে। উদ্যোক্তারা প্রাথমিক উদ্যোগের পর আর খোঁজখবর রাখছেন না। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অন্য পেশায় জড়িয়ে পড়ায় পড়ালেখার পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বোর্ডভিত্তিক শূন্য পাসের চিত্র
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪২টি, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৬৫টিতে এবং ২০২৫ সালে তা এক লাফে বেড়ে হয় ২০২টিতে। সর্বশেষ এ বছর দেশের মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাসের সংখ্যা ২৯৩টিতে এসে দাঁড়িয়েছে। এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৮১টি, মাদ্রাসা বোর্ডে ৫৫টি এবং কারিগরি বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সাধারণ বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ ৪৯টি এবং রাজশাহীতে ৩৯টি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি। এছাড়া ঢাকা বোর্ডের ২৬টি, ময়মনসিংহে ১৯টি, যশোরে ১৬টি, কুমিল্লায় ১৫টি, বরিশালে ১১টি, সিলেট ও চট্টগ্রাম বোর্ডের ৩টি কলেজের সবাই অকৃতকার্য হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বাসসকে জানান, শূন্য পাস মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ও শিক্ষক সংকট অন্যতম। অনেক প্রতিষ্ঠানে মাত্র ১ থেকে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরাও ক্লাসে নিয়মিত আসেন না। এসব অকার্যকর প্রতিষ্ঠান টিকিয়ে না রেখে বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা বা কারিগরি প্রতিষ্ঠানে রূপান্তর করা উচিত বলে মনে করেন তিনি।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসসকে জানান, শূন্য পাস কারিগরি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ দীর্ঘদিন ধরে নন-এমপিও হিসেবে নিজেদের সামান্য অর্থে নামকাওয়াস্তে চলত। ছাত্র ও শিক্ষক উভয় সংকটই এর জন্য দায়ী।
২০ শতাংশের নিচে পাসের চিত্র
আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, কেবল শূন্য পাসই নয়, বরং ২০ শতাংশের নিচে পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেশ উদ্বেগজনক। পরিসংখ্যান বলছে, শূন্য পাস ২৯৩টি প্রতিষ্ঠানের পাশাপাশি শূন্য থেকে ৫ শতাংশ পর্যন্ত পাস করেছে ৫৭টি প্রতিষ্ঠান, ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত পাস করেছে ২২১টি এবং ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯১১টি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বাসসকে জানান, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও এবং একাডেমিক স্বীকৃতি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন