প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় অর্থ পেতে গিয়ে নতুন করে ঋণের বোঝা নিতে বাধ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি উল্লেখ করেন, জলবায়ু অর্থায়ন প্রকৃত প্রয়োজনের জায়গায় পৌঁছাতে হবে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে খলিলুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে অনুদানকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে, অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যা কমানো এবং অনুমোদন দ্রুত করার ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া, দেশগুলোর নিজস্ব জলবায়ু পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য ও অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
খলিলুর রহমান বলেন, জলবায়ু অর্থায়নের সুযোগ নির্ধারণে শুধু কোনো দেশের আয় বিবেচনা করা যথেষ্ট নয়; বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মাত্রাকে গুরুত্ব দিতে হবে। অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৭ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নেবে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তব প্রয়োজন মেটাতে অর্থায়নকে আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন