প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আরো বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে দাম আটকে রাখা হয়েছে।
তিনি একই সঙ্গে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও উল্লেখ করেন।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়। এখন উৎসে (উৎপাদনস্থলে) যে দাম থাকে, সেটা যদি কমে তাহলে আমাদের এখানে এর প্রভাব পড়বে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাবও আমাদের এখানে পড়বে।”
মন্ত্রী আরও বলেন, “যে ফর্মুলায় আমরা মূল্য নির্ধারণ করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরো বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক, এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। একধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।”
তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।”
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।”
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, ওখানে যেভাবে টাকা যাচ্ছে, তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে; ওটা স্বাভাবিক প্রবাহ নয়। যে কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন