প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:২৭ এম || প্রকাশের তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:২৭ এম
নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পিরোজপুরের নেছারাবাদে প্রথমবারের মতো ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার (২৫ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট বন্দরের সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কলেজ সংলগ্ন এলাকায় বের হওয়া মিছিলটি এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু বলেন, মিছিলের খবর শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সাবেক ছাত্রলীগ নেতা তন্ময়ের ও সৌরভের নেতৃত্বে দুপুরে একটি ঝটিকা মিছিল বের হয়েছিল। মিছিলটি এক থেকে দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। আমরা তা প্রতিহত করেছি। মিছিলে অংশ নেওয়া দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব বলেন, মিছিলের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। তিনি বলেন, ছাত্রলীগ নেতা তন্ময় ও সৌরভের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে শুনেছেন। নিষিদ্ধ ছাত্রলীগকে কোনোভাবেই আবার রাস্তায় নামার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুপুরের দিকে সোহাগদলে একটি মিছিল বের হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। তবে তাঁদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"