প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জানিয়েছেন, চাকরি নয়, রাজনীতিতেই নিজেকে নিয়োজিত রাখতে চান। তার এই আকাঙ্ক্ষার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসে তুলে ধরেছেন।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে দীর্ঘ ও অনুভূতিপূর্ণ বার্তা লিখেছেন। তারিক সেখানে সরাসরি দেখা হলে বলতে না পারা কথাগুলো ফুটিয়ে তুলেছেন।
স্ট্যাটাসে তারিক উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা, গ্রেপ্তারের ভয় এবং ক্যাম্পাসে নিয়মিত যেতে না পারার বাস্তবতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি অনার্স ও মাস্টার্সে বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন।
তিনি বলেন, শিক্ষকতার মতো পেশায় যেতে পারতেন, তবে মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদলের রাজনীতির প্রতি দায়বদ্ধতা থেকেই ভিন্ন পথ বেছে নিয়েছেন। এই পথচলায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। শরীরে গুলির চিহ্ন ও স্প্লিন্টার বহন করার কথাও তিনি উল্লেখ করেন।
তারিক আরো বলেন, বিভিন্ন ধর্ম ও অঞ্চলের শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। পাশাপাশি ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।
দলের শীর্ষ নেতার সঙ্গে কাজ করার সুযোগকে তিনি জীবনের বড় প্রাপ্তি মনে করেন। এখন তার একমাত্র ইচ্ছা রাজনীতির মধ্যেই থেকে দলের জন্য কাজ করা। এমন কোনো চাকরি তিনি চান না, যা তাকে রাজনীতি ও নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেবে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করতে প্রস্তুত। সুযোগ পেলে আমৃত্যু দলের প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে বলেও জানান।
উল্লেখ্য, মো. তরিকুল ইসলাম তারিক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন