প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের প্রেক্ষিতে যে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে কক্সবাজার পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে কার্নিভালস্থল পরিদর্শন করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শন শেষে তাঁরা নিশ্চিত করেছেন যে, পর্যটন কার্নিভালের আয়োজনের জন্য সেখানে কোনো গাছ কাটা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা পরিদর্শনকালে কার্নিভালস্থল এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় সিভিল এভিয়েশনের অ্যারোড্রাম কর্মকর্তা শিমুল গণি জানান, বিমান চলাচলের নিরাপত্তা এবং উড্ডয়ন-অবতরণের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত ডালপালা ছাঁটাই করা হয়েছে। এটি একটি নিয়মিত কার্যক্রম এবং পর্যটন কার্নিভালের আয়োজনের অনেক আগে থেকেই করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার অভিযোগের কোনো সত্যতা পরিদর্শনে পাওয়া যায়নি। ঘটনাস্থলে যেসব কাটা গাছ দেখা গেছে, সেগুলো বিমান চলাচলের সুবিধার্থে আগে ছাঁটাই করা হয়েছিল। এটি নিয়মিত কাজের অংশ। এসব গাছের হিসাব বন বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে। কার্নিভাল আয়োজনের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। প্রচারিত অভিযোগের সঙ্গে সরেজমিন বাস্তবতার মিল নেই।
তিনি আরও জানান, সরকার কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পর্যটন কার্নিভালকে আকর্ষণীয় ও সফল করতে ইতিমধ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের নিজস্ব জায়গায় তিন মাসব্যাপী পর্যটন কার্নিভালের আয়োজন করছে। আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং এ আয়োজনের কারণে পরিবেশের কোনো ক্ষতি হয়নি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঝড়ে উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করেছে এবং সেগুলো বিক্রির অর্থ সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়া হয়েছে। ওই গাছগুলোর কিছু গুঁড়ি এখনো ঘটনাস্থলে রয়েছে। এ ছাড়া বিমান চলাচলের সুবিধার্থে সিভিল এভিয়েশন গাছের ওপরের কিছু অংশ ছাঁটাই করেছে, যা বন বিভাগ অবগত রয়েছে।
পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছানুল কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার প্রচারণা চালানো হচ্ছে, যা সঠিক নয়। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি, ভবিষ্যতেও কাটা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জলপরীর একটি ছবির বিষয়ে তিনি জানান, কার্নিভালে জলপরীর কোনো ভাস্কর্য নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে জলপরীর ভাস্কর্য রয়েছে বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন