প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন। তার মৃত্যুতে স্ত্রী এবং এক কন্যাসন্তান নিয়ে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে মহিন খানের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়া হয়। সেখানে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
মহিন খান আবু তাহেরের ছেলে। তার স্ত্রী স্বর্ণা আক্তার এবং ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনদের সূত্রে জানা গেছে, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় নিজ বাসা থেকে কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীসহ মহিন খান নিখোঁজ হন। রাত ৩টার দিকে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করেন পরিবারের সদস্যরা।
পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খান, তার কোম্পানির মালিক এবং মালিকের স্ত্রীর মরদেহ আবুধাবির মরুভূমিতে বালুচাপা অবস্থায় উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুবাই পুলিশ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে। গত ৬ নভেম্বর পরিবারের সদস্যরা মহিন খানের মৃত্যুর তথ্য নিশ্চিত হন। এরপর ১৫ দিন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মহিন খান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। একই সঙ্গে দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার এবং তাদের কন্যাসন্তান এখন জীবনের অনিশ্চয়তায় পড়েছেন। প্রবাসে উপার্জনের অর্থ দিয়ে পরিবারের স্বপ্ন পূরণের আশা থাকলেও মহিন খানের মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বপ্ন থেমে গেছে।
মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, ডা. মো. আমিনুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, ঘটনাটি বিদেশে ঘটায় তাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন