প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কুয়াকাটা পৌরসভা। এই লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। সভায় সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপি'র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা সভায় বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন