প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হেমন্তের সোনালি রোদে মাঠজুড়ে এখন পাকা ধানের ঢেউ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, আর সোনালি ফসলের হাসিতে ফুটে উঠছে দীর্ঘদিনের শ্রম ও অপেক্ষার সার্থকতা। স্বল্প সময়ে অধিক ফলন, পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং ধান কাটার পরপরই একই জমিতে রবিশস্য চাষের সুযোগ—এমন নানা বহুমুখী সম্ভাবনায় কৃষকদের মাঝে দারুণ আগ্রহ বাড়াচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ‘ব্রি ধান-১০৩’।এই ধানের উৎপাদন সম্ভাবনা, কৃষিতে এর উপযোগিতা এবং মাঠপর্যায়ের সফলতা তুলে ধরতে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কম সময়ে অধিক ফলন ও বহুমুখী সুফলঅনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রি ধান-১০৩ অত্যন্ত স্বল্প জীবনকালের একটি সম্ভাবনাময় ধানের জাত।
এ জাতের ধান থেকে বিঘাপ্রতি প্রায় ২২ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। কম সময়ে অধিক ফলন পাওয়ার পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সহজেই রবিশস্য চাষ করা যায়, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বহুগুণ বাড়িয়ে দেয়।তারা আরও জানান, এই ধানে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ অনেকটাই কমে যায়।
সঠিক পরিচর্যা ও সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতের চাষ করে কৃষকরা নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত ধান বাজারে বিক্রি করে বাড়তি লাভবান হতে পারবেন।অতিথিদের বক্তব্য ও উপস্থিতিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সিফাত-ই-জেরিন-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কার্যালয়প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রি ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবিএম জামিউল ইসলাম এবং কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুদীপ বিশ্বাস। মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ারবক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে শুধু এক ফসলের অধিক ফলন নয়, বরং একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। ব্রি ধান-১০৩-এর মতো আধুনিক ও সম্ভাবনাময় জাতগুলো মাঠপর্যায়ের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দেশের কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতাও বহুগুণ বেড়ে যাবে।আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সফলভাবে ছড়িয়ে দেওয়া এবং কৃষকদের নতুন জাতের চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে ব্রি ধান-১০৩ দেশের কৃষিতে এক নতুন বিপ্লব ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন